ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডও ব্যর্থ: মাশরাফি

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের ক্রিকেটাররা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়ে মিশন দেশে করে দেশে ফিরছেন। কোনোভাবে মূল পর্বে খেলার সুযোগ পেলেও সেখানে একটি ম্যাচও জিততে পারেনি। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে সমালোচনার ঝড় বইছে দেশব্যাপি। টাইগারদের নিয়ে এবার মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে এক বিস্তর স্ট্যাটাস দিয়েছেন তিনি। ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও দায় দেখছেন কিংবদন্তি এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এবারের বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। মাশরাফি অবশ্য স্বীকার করেছেন, এমন পারফরম্যান্সের পর দায় এড়ানোর কোনো সুযোগ ক্রিকেটারদের নেই।
ফেসবুকে মাশরাফি লেখেন, ‘ক্রিকেটারদের দায় কোনোভাবেই এড়ানোর উপায় নেই। বিশেষ করে, যেভাবে আমরা হেরেছি… এত বাজে খেলার পর ক্রিকেটারদের পাশে দাঁড়ানো কঠিন। তবে আমি বিশ্বাস করি, ওরা হয়ত খুব দ্রুত ঘুরে দাঁড়াবে। ঠিক এই মুহূর্তে ক্রিকেটারদের উচিত ধৈর্য ধরা ও সঠিক প্রক্রিয়ার মধ্যে থাকা। কোনো সমালোচনার জবাব দেওয়া উচিৎ নয়। আশা করি, তারা বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং সঠিক কাজটি করবে।’ তবে ক্রিকেটার ছাড়াও যে অন্যদের দায় আছে আর তা ক্রিকেট অভিভাবকদেরই, তা-ও মনে করিয়ে দিয়েছেন মাশরাফি। তিনি লিখেছেন, ‘পারফরম্যান্স খারাপ হওয়ার প্রথম দায় অবশ্যই ক্রিকেটারদের। এরপর আর কি কারও দায় নেই? শুধু ক্রিকেটারদের ঘাড়ে দায় চাপিয়ে যদি শেষ করেন, তাহলে মনে রাখবেন, আরও খারাপ সময় অপেক্ষা করছে।’ ‘আগের অভিজ্ঞতা থেকে এবারও বলে দেওয়া যায়, এখন সামনে কী হবে। হয়তো কাউকে বাদ দেওয়া হবে, কারও ওপর অদৃশ্য রাগ ঝাড়া হবে, রিয়াদকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হবে। সমর্থকরা যে ক্রিকেটারকে পছন্দ করছে না, তার ওপর ঝাল মিটিয়ে সমর্থকদের শান্ত করা হবে। সাংবাদিক ভাইদের নানা কিছু বোঝানোর চেষ্টা করা হবে।’ ক্রিকেটার গড়ে তোলায় ব্যর্থ বোর্ড, মনে করেন মাশরাফি। মাশরাফি তাই আহ্বান জানিয়েছেন, কঠিন এই সময়ে কাদা ছুঁড়াছুঁড়ি না করে যেন সত্যিকার অর্থেই ভালো ফলাফলের চেষ্টা করা হয়, চেষ্টা করা হয় ভুল শুধরানোর।

Comments