বলিউডে এখন সবচেয়ে চর্চিত বিষয় ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। তারকা যুগল মুখে কুলুপ এঁটেছেন। আর তাতেই বেড়ে চলেছে নেটিজেনদের জল্পনা। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পরবেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের ভেন্যুসহ কে কোন ডিজাইনারের পোশাক পরবেন এসব নিয়েও চলছে আলোচনা।এমনকি জানা যাচ্ছে, বেশ নাটকীয় কায়দায় ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ভিকি। ক্যাটরিনার জন্য ডার্ক চকোলেট ব্রাউনি অর্ডার করেছিলেন ভিকি। নিজে হাতে করে সেই ব্রাউনি বক্স ক্যাটরিনাকে দিয়ে এসেছিলেন ভিকি। ক্যাটরিনা তখনও বুঝতে পারেননি বাক্সের ভিতরে কি আছে। ভিকি সেই বাক্সের মধ্যে ক্যাটরিনার জন্য একটি আংটি আর একটি কাগজের নোট রেখেছিলেন। কাগজের নোটে ভিকি লিখে রেখেছিলেন, ‘উইল ইউ ম্যারি মি?’
ক্যাটরিনার এক ঘনিষ্ঠ বন্ধু বিয়ের প্রস্তাব দেওয়ার এই ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলছেন, ভিকি খুবই রোম্যান্টিক একজন মানুষ। ওরা পরস্পরকে এত ভালোবাসে তা দেখে সব কমন বন্ধুরাও অবাক। এই মহামারি ও লকডাউনেই ওরা পরস্পরের আরও ঘনিষ্ঠ হয়েছে। তাই বিয়ের প্রস্তাব দেওয়ার ব্যাপারটাও একেবারে ফিল্মি কায়দায় সেরেছেন ভিকি।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, আগামী ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে বিয়ে সারবেন ক্যাটরিনা ও ভিকি। রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারাতে বসবে বিয়ের আসর। বিয়ের অতিথি তালিকায় রয়েছেন ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সালমান খান ও তার গোটা পরিবার। পাত্র-পাত্রী দুজনেই নাকি সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন। এখন শুধু অপেক্ষা। বিয়ের প্রস্তুতির জন্য কাজ থেকে বিরতিও নিয়েছেনক্যাটরিনা।
আগামীকাল মুক্তি পাচ্ছে ক্যাটরিনার ছবি ‘সূর্যবংশী'। তার পরেই ছুটি নিচ্ছেন অভিনেত্রী।


Comments
Post a Comment